বেদে পরিবেশতত্ত্বরূপে বর্ণিত পঞ্চমহাভূত Farida Molla Senior Research Fellow Sahitya Department Central Sanskrit University, New Delhi, Inida Email: mollafarida80@gmail.com
Abstract: আমাদের চারিপাশে অবস্থিত জৈব অজৈব উপাদান নিয়ে গঠিত হয় পরিবেশ। উদ্ভিদ ও প্রাণী জৈব উপাদান এবং অজৈব উপাদান হল পঞ্চমহাভূত। এই পঞ্চমহাভূত হল সৃষ্টির মূল। পরিবেশ বিজ্ঞান আধুনিক হলেও পরিবেশ তত্ত্বের ভাবনা বেদে স্পষ্ট রূপে বর্ণিত আছে। মাতৃস্বরূপা পৃথিবীর স্তুতি দ্বারা বেদে পরিবেশ ভাবনা প্রতিফলিত হয়েছে। অমৃতদায়ক ও আশ্রয়দায়ক এই পৃথিবীতে সুখ, শান্তি বিরাজ করে যা দূষণরহিত পরিবেশকে সূচিত করে। অমৃতস্বরূপ শুদ্ধ জলের নির্মল প্রবাহের দ্বারা পরিবেশের স্বচ্ছতা প্রকাশ পেয়েছে। সূর্যের আলোর দ্বারা রোগ নাশ হয় এবং বায়ুমণ্ডল, জল, পৃথিবী শুদ্ধ হয়। তাই বৈদিক ঋষিরা সূর্যদেবের প্রসন্নতা এবং কৃপার জন্য প্রার্থনা করেছেন। সূর্যের কাছে এই প্রার্থনার মাধ্যমে পরিবেশ ভাবনা প্রতিফলিত হয়েছে। অমৃতস্বরূপ শুদ্ধ বায়ু অক্সিজেন রূপে শরীরে প্রবেশ করে দীর্ঘায়ু প্রদান করে, বায়ুর কাছে প্রার্থনা করা হয়েছে যে বায়ু যেন শুদ্ধভাবে প্রবাহিত হয়। এই বায়ুর শুদ্ধ রূপের প্রার্থনায় পরিবেশের স্বচ্ছতা প্রকাশ পেয়েছে। সুতরাং বেদে সুন্দরভাবে পরিবেশতত্ত্বের বর্ণনা পাওয়া যায়।