স্বাস্থ্যসচেতনতায় যোগ ও আয়ুর্বেদ Sampriti Mukherjee Research Scholar Central Sanskrit University Bhopal Campus, Bhopal, Madhya Pradesh, India Email: sampriti0112@gmail.com
Abstract: “শরীরমাদ্যং খলু ধর্মসাধনম্”1 মহাকবি কালিদাস প্রণীত কুমারসম্ভব মহাকাব্যে পার্বতীর প্রতি মহাদেবের এই কথন পূর্ণাঙ্গরূপে উপযুক্ত। শরীরই ধর্ম পালনের প্রথম সাধন। একজন সুস্থ সবল ব্যক্তিই কেবলমাত্র ধার্মিক, সামাজিক ও ব্যক্তিগত কর্তব্যের পালন সঠিকভাবে করতে সক্ষম হন। রোমান কবি ভার্জিলের বিখ্যাত মন্তব্য “সবচেয়ে বড় সম্পদ হলো স্বাস্থ্য” অর্থাৎ আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা আমাদের কাম্য। যদি একজন ব্যক্তির প্রচুর অর্থ, সাফল্য বা বস্তুগত আরাম থাকে, তবুও সে যদি অসুস্থ থাকে তবে সে কখনোই সুখী জীবনযাপন করতে পারেনা কারণ স্বাস্থ্যই হল প্রকৃত সম্পদ। সুস্বাস্থ্য আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করে। বর্তমান সময়ে নানা ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। কারন আমরা ঠকে শিখতে ভালোবাসি। এ স্বাস্থ্যকে সুস্থ রাখার কথা বহু প্রাচীনকালেই ভারতের ইতিহাসে বিদ্যমান ছিল সেই বিষয়ই পুনরুদ্ধারের চেষ্টা চলছে বর্তমানে। কি এমন কি বর্তমান পাঠ্যক্রমেও সেসব বিশেষভাবে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে এবং প্রায় অনেকাংশেই আমরা সফলও হয়েছি। স্বামী বিবেকানন্দ একবার সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার প্রসঙ্গে বলেছিলেন “গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা শ্রেয়”—এটার অর্থ হল তিনি প্রকারান্তরে শারীরিক কসরতকেই গুরুত্ব দিয়েছেন। কারণ, শারীরিক সুস্থতা থেকেই মানসিক বিকাশ পরিপূর্ণ হবে। তাহলে অতিসহজেই গীতার মর্মবাণী আমরা উপলব্ধি করতে পারব। আর এই শারীরিক সুস্থতার জন্য যোগের ভূমিকা অনস্বীকার্য। শুধু যোগ কেন বলবো?- আয়ুর্বেদ তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে সমাহিত। ত্রিধাতু মিশ্রিত আমাদের এই শরীরে যোগ ও আয়ুর্বেদের ভূমিকা অকল্পনীয়। সুস্বাস্থ্যের কামনায় এই দুইয়ের প্রতি আমাদের সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। কারণ, বাত, পিত্ত ও কফের সমতা সঠিকভাবে থাকতে পারে নিয়মিত যোগাভ্যাসের কারণে। তাই সুস্থ শরীর গঠনে বাল্যকাল থেকেই যোগের প্রতি সচেতন হওয়া অত্যন্ত আবশ্যক। তদুপরি প্রাত্যহিক জীবনযাত্রায় ও খাদ্যাভাসে আয়ুর্বেদকে অনুসরণ করতে পারলেই দেহ ও মননের সর্বাঙ্গীন বিকাশ পরিপূর্ণরূপে সম্ভবপর হবে যা কিনা পরবর্তী প্রজন্মের জন্যও সুখপ্রদায়ক।
Keywords: ভারতীয় জ্ঞান পরম্পরা‚ NEP‚ অষ্টাঙ্গ যোগ‚ আয়ুর্বেদের আটটি স্থান, অষ্টাঙ্গ আয়ুর্বেদ‚ আয়ুর্বেদের উপাঙ্গ।