58. আধুনিক প্রেক্ষাপটে রামায়ণের নারী চরিত্রগুলোর ভূমিকা
Pabitra Das Research Scholar, Dept. of Sanskrit Sidho-Kanho-Birsha University, Purulia, West Bengal, India Email: pdpabitra1996@gmail.com
Abstract: একটি প্রাচীন মহাকাব্য হিসেবেই নয়, বরং একটি অনন্য আধ্যাত্মিক, নীতিমূলক ও আদর্শনির্ভর সাহিত্যকীর্তি হিসেবেও সমাদৃত। এই গ্রন্থটি ভারতীয় সমাজজীবনের নৈতিক মূল্যবোধ, আচার-আচরণ এবং আদর্শ জীবনদর্শনের এক জীবন্ত দলিল। রামায়ণ কেবলমাত্র রাম-রাবণের যুদ্ধ বা এক বীরের কাহিনি নয়, বরং এটি এক সুসংবদ্ধ সাংস্কৃতিক দলিল, যেখানে নারীদের চরিত্রচিত্রণ এক বিশেষ স্থান অধিকার করে আছে। এই মহাকাব্যে নারীরা শুধুমাত্র সহায়িকা নন, তাঁরা কাব্যের গঠন ও বিকাশে মুখ্য ভূমিকা পালন করেছেন। সীতা, কৌশল্যা, সুমিত্রা, কেকয়ী, অহল্যা, উর্মিলা, অনসূয়া, শবরী, মন্দোদরী, তাড়া, শূর্পণখা, ত্রিজটা, মন্থরা প্রমুখ নারী চরিত্রগুলি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে কাব্যের মূল ঘটনাপ্রবাহকে প্রভাবিত করেছে। এই নারীরা শিক্ষিত, বুদ্ধিমতী, ধৈর্যশীলা, কর্তব্যপরায়ণা এবং আত্মমর্যাদাশীল—যাঁদের জীবনাচরণ আজও সমাজের নারীদের জন্য পথপ্রদর্শক হতে পারে। এই চরিত্রগুলির মধ্যে যেমন সীতার মতো ত্যাগ, শুদ্ধতা ও ধৈর্যের মূর্তি দেখা যায়, তেমনি কৌশল্যার মধ্যে মাতৃত্বের মমতা ও নৈতিক দৃঢ়তা, উর্মিলার নিঃশব্দ সহনশীলতা এবং মন্দোদরীর সুবিবেচনা ও সতর্কতা সমাজকে নারীর প্রকৃত রূপ সম্পর্কে সচেতন করে তোলে। এই মহাকাব্যের নারীরা ধর্ম, নীতি, রাজনীতি, সম্পর্ক ও সমাজচেতনার ক্ষেত্রে এক দৃঢ় অবস্থান গ্রহণ করে, যা প্রাচীন ভারতীয় সমাজে নারীর মর্যাদা ও শক্তির প্রতিফলন ঘটায়। আজকের যুগে, যখন সমাজ ক্রমশ ভোগবাদিতা ও আত্মকেন্দ্রিকতার দিকে ধাবিত, তখন এই নারী চরিত্রগুলি আমাদেরকে মানবিক মূল্যবোধের দিকে ফেরার আহ্বান জানায়। তাঁদের জীবনের আদর্শ, তাঁদের চারিত্রিক দৃঢ়তা ও আত্মত্যাগ আজও আমাদের মন ও চিন্তাকে স্পর্শ করে। বর্তমান প্রজন্মের কাছে এই চরিত্রগুলি কেবল পৌরাণিক কাহিনির চরিত্র নয়, বরং এক একটি জীবন্ত প্রতিমা— যাঁদের জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজে নৈতিকতা ও মানবিকতাকে পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। সুতরাং, রামায়ণ-এর এই অনন্য নারীচরিত্রগুলির আদর্শ জীবনবোধ ও মূল্যবোধ যদি আমরা বাস্তব জীবনে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন যেমন সমৃদ্ধ হবে, তেমনি গোটা সমাজ ও জাতিরও নৈতিক উন্নয়ন ও পুনর্গঠন সম্ভব হবে।